image


সোহাগ রানা, কাজিপুর প্রতিনিধি-
পূর্ব শত্রুতার জেরে সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলের কৃষকের ভুট্টা ক্ষেতে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে গাছ। এতে ওই কৃষকের অন্তত দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মনসুর নগর ইউনিয়নের চরশালদহ গ্রামে। সোমবার সরেজমিন চরশালদহ মৌজায় গিয়ে দেখা গেছে, চরশালদহ গ্রামের গোলাম হোসেনের ছেলে কৃষক আশরাফ আলীর দুই বিঘা জমির ভুট্টা ক্ষেতে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। গাছগুলো পুড়ে শুকিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে সবার অগোচরে একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন তোতা ভুট্টা ক্ষেতে বিষ দেয়। পরের দিন সকালে জমিতে গিয়ে দেখতে পান জমির ভুট্টা গাছ পুড়িয়ে যাচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফ আলী বলেন, ওই জমিতে বিষ দেয়ায় আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আমি গরিব চাষি। এই ক্ষতি পুষিয়ে উঠা আমার জুলুম হবে। অভিযুক্ত তোফাজ্জল হোসেন মুঠো ফোনে বলেন, এটি একটি চক্রান্ত। আমরা কখনও ওই জমিতে বিষ দেই নাই। কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত বলেন সুনেছি, তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।